ঢাকা কলেজের ১৭২ বছর বয়সে নবীন-প্রবীণদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা রঙের ব্যানার-ফেস্টুন। যে যাঁর মতো বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। কেউ কেউ আবার ঘোড়ার গাড়িতে। উৎসব আর কোলাহলমুখর এই পরিবেশের মধ্যেও চলছে আড্ডা, চলছে স্মৃতিচারণা।গতকাল মঙ্গলবার এমনই উৎসবের পরিবেশ ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা কলেজে। ইতিহাসের সাক্ষী দেশের এই শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল ১৭২ বছরে পা রেখেছে। এ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দুপুরে আনন্দ শোভাযাত্রা বের হয়। নিউমার্কেট, নীলক্ষেত, পলাশী ও আজিমপুর এলাকা ঘুরে কলেজ ক্যাম্পাসে এসে শোভাযাত্রা শেষ হয়।এর আগে বেলা ১১টার দিকে জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। তবে কলেজ দিবস উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাস মুখর হয়ে ওঠে শিক্ষার্থীদের পদচারণে। গতকালের অনুষ্ঠানে আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মফিজুল ইসলাম, ডাকসুর প্রথম মহিলা ভিপি মাহফুজা খানম, প্রবীণ শিক্ষার্থী হাবিবুর রহমান, নুরান নবীসহ কলেজের বিভিন্ন বিভাগের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সকাল সাড়ে ১০টায় কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে মানবসম্পদে পরিণত করতে হবে, তাহলেই এ দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। তিনি বলেন, দেশের প্রত্যেকের উচিত দুর্নীতিকে ‘না’ বলা।দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশীদ।অনুষ্ঠানের তৃতীয় অধিবেশন শুরু হয় বিকেল সাড়ে চারটায়। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, তাদের কখনো ক্ষমা করা হবে না। স্বাধীনতাবিরোধীদের বিচারকাজ যখন শুরু করা হয়েছে, তা বাস্তবায়িত হবেই।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি ২০১২ সালে পরাজয় বরণ করতে নয়।’ স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন সময় পুলিশের ওপর হামলা করে তাদের ভয় দেখাতে চাইছে। তাই ওই অপশক্তিকে প্রতিহত করতে দেশের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।কলেজের অধ্যক্ষ আয়েশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউশনের সভাপতি মোবাশ্বের হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নিলুফা বেগম, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি শাজাহান মৃধা প্রমুখ বক্তব্য দেন।শিক্ষার্থীরা সারা দিন ক্যাম্পাসে নেচে-গেয়ে, রং মেখে, আতশবাজি করে, ফানুস ও ঘুড়ি উড়িয়ে আনন্দ-উৎসব করেন। ঢাকা কলেজ ক্যাম্পাসের পুকুরে ছিল দুটি সাজানো নৌকা। আরও ছাড়া হয়েছিল বেশ কয়েকটি রাজহাঁস। নৌকায় চড়ে পুকুরের এপাড় থেকে ওপাড়ে ঘুরে বেড়ান শিক্ষার্থীরা। এ ছাড়া গতকাল সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।