ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আবদুল করিম (৪৯) নামের এক কয়েদি গতকাল সোমবার সকালে মারা গেছেন। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি ক্যানসারে ভুগছিলেন।
কারাগার সূত্র জানায়, ১৯৯৫ সালে চট্টগ্রামের ডবলমুরিং থানায় করিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছিল। এ মামলায় তাঁর যাবজ্জীবন সাজা হয়। সাজা হওয়ার পর থেকে তিনি ফেনীর কারাগারে ছিলেন। সেখানে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে পড়েন। গত ৬ জানুয়ারি ফেনীর কারাগার থেকে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ নেছার আলম প্রথম আলোকে বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসার পর ১৪ বার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গতকাল ভোরে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকাল পৌনে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুল করিমের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা থানায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।