ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জে) এক হাজতির মৃত্যু হয়েছে। হাজতির নাম নিরঞ্জন পাল (৫১)। গতকাল সোমবার রাতে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গতকাল রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হন নিরঞ্জন পাল। এরপর কারা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর নির্দেশ দেয়।

কয়েকজন কারারক্ষী দিবাগত রাত দুইটার দিকে ঢামেকের জরুরি বিভাগে আনেন তাঁকে। এরপর চিকিৎসক তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, এক কয়েদির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা যায়, মানব পাচার মামলায় বন্দী ছিলেন নিরঞ্জন পাল। তাঁর বাবা মৃত হরিপদ পাল ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বলমন্তচর গ্রামের বাসিন্দা ছিলেন।