ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিদেশি কয়েদির মৃত্যু
মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি ভারতীয় নাগরিক স্বপন সেন (৫৫)। গতকাল রোববার সকালে তাঁর মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বপন সেনকে ২৭ অক্টোবর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।কারাগার সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে স্বপন সেনকে ১৯ অক্টোবর খুলনা কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওই দিনই তাঁকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ২৭ অক্টোবর তাঁকে মিটফোর্ডে ভর্তি করা হয়। কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আবু মুসা প্রথম আলোকে বলেন, স্বপন সেন ছিলেন বেনাপোল থানায় দায়ের হওয়া একটি মামলার সাজা পাওয়া আসামি। সম্প্রতি সাজার মেয়াদ শেষ হওয়ায় তিনি ছিলেন মুক্তির প্রতীক্ষায়। হঠাৎ স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।গতকাল বিকেলে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি চাকমার উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।