ঢাকা ক্লাবের দখলে থাকা রাষ্ট্রীয় জমি উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ক্লাব লিমিটেড কর্তৃপক্ষের কাছ থেকে রাষ্ট্রীয় জমি উদ্ধার করে তা জনস্বার্থে ব্যবহারের দাবি জানিয়েছে দুটি সংগঠন।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সিটিজেন রাইটস মুভমেন্ট ও ইনিশিয়েটিভ ফর পিস নামের দুটি সংগঠন এ দাবি জানায়। সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাজধানীর গুলশান ও বনানী ক্লাব ভাড়াবাড়িতে গড়ে উঠলেও ঢাকা ক্লাব জনগণের সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রায় পাঁচ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত ঢাকা ক্লাব জনগণের সম্পত্তিতে সম্পূর্ণ অবাঞ্ছিত প্রতিষ্ঠান। এটি জনকল্যাণে প্রতিবন্ধক। এ বিশালায়তনের জমি বারডেম হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সম্প্রসারণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে লাগানো যেতে পারে। ঢাকার মতো এত জনবহুল শহরে সমাজের অভিজাত শ্রেণীর অল্প কিছু মানুষের ভোগবিলাসের জন্য এই জায়গা ব্যবহারের যৌক্তিকতা কতটুকু—প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলনে।লিখিত বক্তব্য পাঠ করেন সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান। দেশপ্রেমিক জনগণের মঞ্চের চেয়ারম্যান ম. ইনামুল হক বলেন, জনগণের সম্পত্তি কীভাবে হাত বদলে বেহাত হয়ে যায় এবং জনস্বার্থবিরোধী কাজে ব্যবহূত হয়, ঢাকা ক্লাব তার নমুনা। ঢাকা ক্লাবের দখল থেকে সম্পত্তি উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।