ঢাকা-গাজীপুর দুই লেনে বিশেষ বাস চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর থেকে ঢাকায় দ্রুত যাতায়াতের জন্য পৃথক দুটি লেনে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) নামে আলাদা বাস যাওয়া-আসা করবে। এতে গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২০ মিনিটে যাওয়া-আসা সম্ভব হবে। এ লক্ষ্যে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) আইন, ২০১৬-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, এ ব্যবস্থায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের লাইসেন্স নিয়ে এ দুই লেনে বিআরটি নামের বাস চলাচল করতে পারবে। প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনে ৫৩টি ধারা ও ১০টি অধ্যায় রয়েছে। এ আইনের অধীনে সংঘটিত অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও এখতিয়ার রাখা হয়েছে। তিনি বলেন, অপরাধের মধ্যে লাইসেন্স ব্যতীত বিআরটি নির্মাণ ও পরিচালনার জন্য অনধিক ১০ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অনুমোদন ছাড়া লাইসেন্স হস্তান্তর করলেও একই ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।

এ ছাড়া অননুমোদিতভাবে পাস বা টিকিট বিক্রির জন্য একই ধরনের শাস্তি রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মচারীরা এ অপরাধ
করলে শাস্তি অনধিক দুই বছরের কারাদণ্ড হবে। জরিমানা হবে পাঁচ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া ভাড়া নির্ধারণের জন্য সাত সদস্যের কমিটি থাকবে। তাঁরা যাচাই-বাছাই করে ভাড়া নির্ধারণ করবেন।

পরমাণু বিদ্যুৎ ব্যবহারে ভারতের কারিগরি সহায়তা নেওয়া হবে: পরমাণু বিদ্যুৎ শান্তিপূর্ণভাবে ব্যবহারের লক্ষ্যে ভারতের জ্ঞান ও কারিগরি সহায়তা নেওয়া হবে। এ জন্য ভারতের সঙ্গে এ-সংক্রান্ত সহযোগিতা চুক্তি সই হবে। চুক্তির খসড়া গতকালের মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভারতের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। মূলত জ্ঞান বিনিময় ও কারিগরি সহায়তা নেওয়ার জন্যই এটি হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় সুপ্রিম কোর্ট জাজেজ (রিম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা সার্কুলারের মাধ্যমে উৎসব ভাতা পেতেন।

এ ছাড়া বৈশাখী ভাতাও সার্কুলারের মাধ্যমে পেতে হতো। এখন আইনের মাধ্যমে এ দুটো বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া সভায় আরও পাঁচটি বিষয় মন্ত্রিসভাকে অবহিত করা হয়।