ঢাকা চট্টগ্রাম ছাড়াও নগরায়ণ নিয়ে সমন্বিত চিন্তা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনারা শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পৌরসভার জন্য কাজ করছেন। আমরা তৃতীয় শ্রেণীর পৌরসভার মেয়ররা বেকায়দায় আছি। নির্বাচিত হওয়ার পর আমি শুধু নামের সঙ্গে মেয়র লিখতে পারি। কিন্তু একটি রাস্তা করারও ক্ষমতা আমার নেই।’ গতকাল সোমবার নগর ভবন মিলনায়তনে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) আয়োজিত আলোচনা সভায় ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন খান এভাবেই বলছিলেন সমস্যার কথা। তাঁর মতো আরও অনেক পৌরসভার মেয়র এ সমস্যার কথা জানান। পৌরসভাগুলোর সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য বিএমডিএফ এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। বিএমডিএফ অর্থ মন্ত্রণালয়ের একটি নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর ভৌত অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ডে আর্থিক এবং কারিগরি সহায়তা দেয়। স্থানীয় সরকার বিভাগের সচিবের নেতৃত্বে ১১ সদস্যের একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে এটি পরিচালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বলেন, ঢাকা থেকেই দেশের সব কর্মকাণ্ড পরিচালিত হয়। এ জন্য এখানে অনেক জরুরি কাজ ত্বরিত গতিতে করতে হয়। কিন্তু ডিসিসির উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি বরাদ্দ অত্যন্ত কম। যে কর আদায় করা উচিত তা করা যাচ্ছে না। ১৯৮০ সালের আড়াই কোটি টাকার বরাদ্দ; এখনো সেই একই বরাদ্দ। অথচ জীবনমান ও ব্যয়—সবই পরিবর্তিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, সুষম নগরায়ণই হবে এই বিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন শুধু ঢাকা ও চট্টগ্রাম শহরের নগরায়ণ নিয়ে চিন্তা করলেই হবে না; সারা দেশের নগরায়ণ নিয়ে সমন্বিত চিন্তা করতে হবে। তিনি আরও বলেন, ‘নবনির্বাচিত পৌর মেয়রদের চিন্তার মধ্যেও একটি সীমাবদ্ধতা রয়ে গেছে। তাঁদেরই এখন ঠিক করতে হবে, তাঁরা কি পৌরসভার প্রশাসক হবেন? নাকি পৌর পিতা হবেন?’সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, ‘আপনারা পৌরসভার মেয়ররা তো স্বাধীন। আপনারা উপজেলা চেয়ারম্যানদের চেয়ে অনেক বেশি কাজ করতে পারছেন। উপজেলা পর্যায়ের মতো সমস্যা আপনাদের নেই।’ সচিব আরও বলেন, পৌরসভাকে শুধু আর্থিক বরাদ্দের দিকে তাকিয়ে থাকলে হবে না। নিজস্ব আয়ও বাড়াতে হবে। তিনি ঢাকার মেয়রের উদ্দেশে বলেন, ‘১৯৮৭ সালের পর থেকে এক টাকাও কর বাড়ানো হয়নি। কেউ যদি কোটি টাকায় ফ্ল্যাট কিনতে পারেন, তাহলে কর দিতে পারবেন না কেন?’বিশ্বব্যাংক ঢাকার প্রতিনিধি জাহিদ এইচ খান বলেন, বর্তমানে বিশ্বব্যাংকের প্রায় ৪৫০ কোটি টাকায় প্রথম ধাপে ১১৪টি পৌরসভার ৪৫০টি প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। দ্বিতীয় ধাপে বিশ্বব্যাংকের অতিরিক্ত ২৮০ কোটি টাকা অর্থায়নে ৭১টি পৌরসভার প্রায় ১২০টি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক কে এম নুরুল হুদা ছাড়াও মুক্ত আলোচনায় ঢাকার বিভিন্ন পৌরসভার মেয়ররা নিজ নিজ পৌর এলাকার সমস্যা তুলে ধরেন। কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান বলেন, ‘যাঁদের কাছে ভোটের জন্য যাই, তাঁদের কাছে কর চাইতে কষ্ট হয়।’