ঢাকা চিড়িয়াখানার অনিয়ম তদন্ত করবে সংসদীয় কমিটি
ঢাকা চিড়িয়াখানার অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ লক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে ঢাকা চিড়িয়াখানার বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে। কমিটির সদস্য জাফর ইকবাল সিদ্দিকীকে উপকমিটির আহ্বায়ক এবং মঞ্জুর কাদের কোরাইশীকে সদস্য করা হয়েছে। বৈঠকে দেশের চিড়িয়াখানাগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে দ্রুত ‘চিড়িয়াখানা আইন’ প্রণয়নের তাগিদ দেওয়া হয়। কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, মোসলেম উদ্দিন, জিল্লুল হাকিম, মীর শওকাত আলী বাদশা, জাফর ইকবাল সিদ্দিকী, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও এবং নুর আফরোজ আলী উপস্থিত ছিলেন।