ঢাকা চিড়িয়াখানার কার্যক্রম পর্যবেক্ষণ করবে সংসদীয় কমিটি
ঢাকা চিড়িয়াখানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। এ ছাড়া চিড়িয়াখানা আরও সমৃদ্ধ করতে এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে কমিটি আগামী মাসে একটি সুপারিশমালা তৈরি করবে।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। এ বি এম আশরাফ উদ্দিন বলেন, চিড়িয়াখানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে কমিটির সদস্য জাফর ইকবাল সিদ্দিকী ও ইলিয়াস উদ্দিন মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের সহযোগিতা করতে চিড়িয়াখানার কিউরেটরকে বলেছে কমিটি।সভায় চিড়িয়াখানার দর্শনার্থীদের সুবিধার্থে ছাউনি নির্মাণ এবং দর্শনার্থীদের টিকিটের সঙ্গে প্রাণীগুলোর অবস্থান-নির্দেশক ম্যাপ দেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া চিড়িয়াখানার প্রাণীগুলোর তালিকা বই আকারে প্রকাশ ও চিড়িয়াখানায় অতিথি পাখির আগমন বাড়াতে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার সুপারিশ করা হয়।এ ছাড়া সভায় ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য অতিরিক্ত মৎস্য কর্মকর্তা নিয়োগের সুপারিশ করেছে কমিটি।এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস সাংবাদিকদের বলেন, ইলিশ মাছ ধরা নিষিদ্ধসংক্রান্ত বিষয়টি সবাইকে অবহিত করা হবে। তিনি জানান, আগামী ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত কিছু এলাকায় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকবে। ওই সময়ে সরকারিভাবে জেলেদের খাদ্যোপকরণ সরবরাহ করবে বলেও জানান তিনি।কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, মোসলেম উদ্দিন, মীর শওকত আলী, মকবুল হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, মঞ্জুর কাদের কোরাইশী, ইলিয়াস উদ্দিন মোল্লা ও নূর আফরোজ আলী অংশ নেন। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদসচিব উজ্জ্বল বিকাশ দত্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় যোগ দেন।