ঢাকা জিপিওকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
ঢাকা জিপিও গতকাল বুধবার থেকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন গতকাল এ ঘোষণা দিয়েছেন। মন্ত্রী গতকাল ঢাকায় ডাক বিভাগ মিলনায়তনে বাংলাদেশ তামাকবিরোধী জোট আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জিপিওকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দেন।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তামাক সেবন ও ধূমপানের প্রভাব তুলে ধরে বলেন, সমীক্ষা রিপোর্ট অনুযায়ী প্রতিবছর ৫৪ লাখ মানুষ শুধু ধূমপানজনিত বিভিন্ন অসুখে মৃত্যুবরণ করছে। তিনি বলেন, তামাকের নেশায় যে অর্থ একজন দরিদ্র মানুষ ব্যয় করছে, সে অর্থ দিয়ে পরিবারের পুষ্টি চাহিদা মেটানো সম্ভব। এ ব্যাপারে ব্যাপক সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন, বাংলাদেশ আনসারের উপমহাপরিচালক মিজানুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তামাকবিরোধী কর্মসূচির ব্যবস্থাপক মো. আমিনুল হক এবং তামাকবিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ বক্তব্য দেন। তথ্য বিবরণী।