ঢাকা জেলা প্রশাসন পাবলিক ইন্টারনেট চালু করেছে
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সবার জন্য বিনামূল্যে ‘পাবলিক ইন্টারনেট’ চালু হয়েছে। প্রধানমন্ত্রীর প্রশাসন ও সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম গতকাল রোববার এ সেবার উদ্বোধন করেন।দেশের ৬৪ জেলার মধ্যে এই প্রথম সাধারণ জনগণের জন্য ঢাকা জেলা প্রশাসনে এ সুবিধা চালু হলো। ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের দোতলায় স্থাপিত পাবলিক ইন্টারনেট কেন্দ্রে পাঁচটি কম্পিউটারের সমন্বয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছে। পাবলিক ইন্টারনেট সব কর্মদিবসে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। একই সঙ্গে ঢাকার পাঁচটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রতিটিতে একটি করে কম্পিউটারের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালু থাকবে।এইচ টি ইমাম নবাবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ই-মেইল করে সেখানকার জন্ম নিবন্ধনের তথ্যাদি জানতে চান। তাঁকে তাত্ক্ষণিক ফিরতি মেইল ইউএনও বিভিন্ন তথ্য পাঠান।ঢাকার জেলা প্রশাসক জিল্লার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার খোন্দকার শওকত হোসেন।