ঢাকা ডিবির কার্যালয়ে আগুন
রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি কক্ষে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বোমা নিষ্ক্রিয়করণ শাখার পাশের একটি কক্ষের গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। সেখানে গণমাধ্যমের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র একই দাবি করলেও, আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে ভিন্নমত পাওয়া গেছে।ফায়ার সার্ভিস সূত্র বলছে, আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর পুলিশের দাবি, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে ডিবির বোমা নিষ্ক্রিয় ইউনিটের একটি কক্ষে হঠাৎ আগুন ধরে যায়। এর পরপরই ওই কক্ষের পেছনে থাকা ওয়াসার একটি পাম্পের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। এরই মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে বোমা নিষ্ক্রিয় করার সময় পরিধেয় কাপড়, হেলমেটসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজ ও জিনিসপত্র পুড়ে গেছে। তবে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।