ঢাকা ডুবলেও জলাধারে পানির সংকট
বৃষ্টি হলেই ঢাকা ডোবে। অথচ জলাধারে তখনো থাকে পানির সংকট। এর কারণ সংযুক্ত খালগুলোয় দখল ও দূষণ।
বৃষ্টি হলেই রাজধানী ঢাকার উত্তর-পশ্চিমাঞ্চলের মিরপুর, পল্লবী, উত্তরা ও তুরাগের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়। অথচ ওই সব এলাকার বৃষ্টির পানি ধারণের জন্য নির্ধারিত যে জলাধার আছে, সেই গোড়ানচটবাড়ীতে তখনো থাকে পানির সংকট। এতে পানিনিষ্কাশনে বসানো অধিকাংশ সেচযন্ত্র চালু করতে পারে না পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
জলাধারের সঙ্গে সংযুক্ত খালগুলো দখল ও সরু হয়ে গেছে। আবার খালগুলো রয়েছে ময়লা-আবর্জনায় ভরা। এ কারণে বৃষ্টির পানি ঠিকমতো জলাধারে প্রবেশ করতে পারছে না। শহরের বিভিন্ন এলাকার পানিনিষ্কাশনের নালাগুলো পরিষ্কার না থাকায় খালেও পানিপ্রবাহ ঠিক থাকছে না।
পাউবোর কর্মকর্তারা বলছেন, জলাধারের মুখে পানির উচ্চতা চার মিটার হলে সেচযন্ত্র চালু করার নিয়ম। কিন্তু জলাধারে ওই পরিমাণ পানি আসছে না। যদিও পানির উচ্চতা সাড়ে তিন মিটার কিংবা একটু বেশি হলেই অন্তত একটি সেচযন্ত্র সচল রাখছেন কর্মকর্তারা।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানায়, চলতি বর্ষা মৌসুমে গত পয়লা জুনে তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা ছিল কয়েক বছরের মধ্যে বেশি বৃষ্টিপাতের রেকর্ড। এর চার দিন পরে ৫ জুন সারা দিনে দুই দফায় আরও ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তখনো গোড়ানচটবাড়ী জলাধারে ছিল পানির সংকট। তখনো ওই জলাধারে মাত্র সাড়ে ৩ মিটার পানি ছিল বলে প্রথম আলোকে জানান পাম্পহাউসের নির্বাহী প্রকৌশলী শাহ আলম।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে, ওই দুদিনের বৃষ্টিপাতে ঢাকা উত্তরের আওতাধীন অন্তত ১০৩টি এলাকায় জলাবদ্ধতা হয়েছে। এর মধ্যে মিরপুর, পল্লবী, উত্তরা ও তুরাগের বিভিন্ন এলাকাও রয়েছে। কোনো কোনো এলাকার পানি সরতে ৮ থেকে ১০ ঘণ্টাও লেগেছে।
পাউবোর গোড়ানচটবাড়ী পাম্পহাউসের অবস্থান মিরপুর বেড়িবাঁধ সড়কে। ৬১৫ একর জায়গায় জলাধারটির অবস্থান। সেচকাজের জন্য জলাধারটিতে তিনটি পাম্প স্টেশন আছে। প্রতিটি স্টেশনে তিনটি করে মোট ৯টি শক্তিশালী সেচযন্ত্র আছে। একেকটি সেচযন্ত্র প্রতি সেকেন্ডে ৭ হাজার ৩৩৩ লিটার পানিনিষ্কাশনে সক্ষম। এই জলাধারে মিরপুরের বাউনিয়া, দ্বিগুণ ও রূপনগর খাল এবং উত্তরা ও তুরাগ এলাকার খিদির খাল দিয়ে পানি আসে।
খালগুলোর অবস্থা
পাউবোর কর্মকর্তারা জানান, তুরাগ নদ অংশে থাকা ২ নম্বর স্লুইসগেট গেট থেকে ১০ নম্বর সেক্টর–সংলগ্ন সেতু পর্যন্ত খিদির খালটি সরু হয়ে গেছে। খালটির ফুলবাড়িয়া অংশে সেতুর নিচে ময়লা-আবর্জনায় ভরাট হওয়ায় মাত্র এক-তৃতীয়াংশ অংশে দিয়ে পানিপ্রবাহ হয়। টেকপাড়া নামে পরিচিত এলাকায় একটি বক্স কালভার্ট মাটি দিয়ে ভরাট হয়ে গেছে। এ ছাড়া খালের শেষ প্রায় দুই কিলোমিটার এবং মিরপুর ক্যান্টনমেন্ট অংশে প্রায় ৩৫০ মিটার দৈর্ঘ্যে ময়লা-আবর্জনায় খাল ভরাটের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
এ ছাড়া দ্বিগুণ নামে খালটির শেষ প্রায় দেড় কিলোমিটারে ময়লা-আবর্জনা ফেলায় খাল ভরাট ও সরু হয়ে গেছে। রূপনগর খালের শেষ প্রান্তে ইস্টার্ন হাউজিংয়ের প্রধান সড়কের নিচে মাত্র চার ফুটের পাইপ দিয়ে পানি দ্বিগুণ খালে নিষ্কাশিত হয়। বর্ষায় বৃষ্টি হলে ওই অংশে পানির প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। যে কারণে রূপনগর, ইস্টার্ন হাউজিং ও পল্লবীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা হয়। বাউনিয়া খালও বিভিন্ন জায়গায় দখলের কারণে সরু হয়েছে।
করপোরেশনের বর্জ্য বিভাগের সূত্র বলছে, রূপনগর খালের শিয়ালবাড়ী চার নম্বর সড়কের শেষ প্রান্তে (ঢাকা কমার্স কলেজের পেছনের অংশে) খালের জায়গা দখল করে একটি পাঁচতলা বাড়ি করা হয়েছে। ফলে এই অংশে খালের প্রশস্ততা তিন ফুটের কম। অথচ সেখানে নকশা অনুযায়ী ৪০ ফুট খাল থাকার কথা।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান বলেন, গোড়ানচটবাড়ী জলাধারের সঙ্গে যুক্ত খাল ও নালাগুলোতে যে প্রতিবন্ধকতা আছে, তা পরিষ্কার করে ফেলা হয়েছে। এখন আর সমস্যা ততটা নেই। তবে দখলদারের কারণে খালের অনেক জায়গা সরু হয়ে গেছে। তাই হঠাৎ ভারী বর্ষণ হলে পানি নামতে সময় লাগে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী (সিভিল সার্কেল) দেওয়ান আইনুল হক প্রথম আলোকে বলেন, জলাধারের সঙ্গে সরাসরি যুক্ত খালগুলো যদি দখলমুক্ত ও পরিষ্কার রাখা যায়, তাহলে এতে দ্রুত এবং পর্যাপ্ত পানি আসবে।