ঢাকা থেকে ৫০ লাখ লোক সরিয়ে নেওয়ার সুপারিশ
রাজধানীর ৫০ লাখ মানুষকে নগরের বাইরে পুনর্বাসন করার সুপারিশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্। তিনি বলেন, ভূমিকম্পের আশঙ্কার দিক থেকে ঢাকা বিশ্বের দ্বিতীয় ঝুঁকিপূর্ণ শহর। তাই এ দিকটিকে গুরুত্ব দিয়ে ঢাকা থেকে লোক সরিয়ে নিতে হবে। এ প্রসঙ্গে তিনি ইরান সরকারের সাম্প্রতিক এ ধরনের একটি সিদ্ধান্তের কথা বলেন।গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের প্রতিবেদন করার কলাকৌশল ও দুর্যোগের সময়ে নিজেকে রক্ষার বিষয়ে ধারণা দিতে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক শহীদুল্লাহ্। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ইউরোপিয়ান কমিশন হিউম্যানিটারিয়ান এইড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ভূমিকম্প ও আগুন সম্পর্কে তাঁর সংস্থা ৬২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষিত কর্মী ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় যা করতে পারে, তার চেয়েও অনেক বেশি ভূমিকা পালন করতে পারেন সাংবাদিকেরা।ডিআরইউর সহসভাপতি আজমল হকের সভাপতিত্বে কর্মশালায় ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ) মেজর এম এম মতিউর রহমান, ডিআরইউয়ের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মোতাহার হোসেন, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইডের অনুষ্ঠান ব্যবস্থাপক সৈয়দ শাহনেওয়াজ আলী প্রমুখ কর্মশালায় বক্তব্য দেন।