ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বিল সংসদে উত্থাপিত
রাজধানীর পরিবহনব্যবস্থা পরিকল্পিত, যানজটমুক্ত ও সমন্বিত করার লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বিল-২০১১ সংসদে উত্থাপিত হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বিলটি সংসদে উপস্থাপন করেন।প্রস্তাবিত বিলে যোগাযোগমন্ত্রীকে চেয়ারম্যান করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) গঠনের কথা বলা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলা এই কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত হবে।বিলটি উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য এটি যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।মহানগরের যানজট নিরসনের লক্ষ্যে পরিবহন নীতিমালা ও স্কিম প্রণয়ন, অনুমোদন এবং পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের কার্যক্রম তদারকি করা, বিভিন্ন কর্তৃপক্ষ ও সংস্থার বাস্তবায়িতব্য পরিবহন-সংশ্লিষ্ট প্রকল্পগুলোর চূড়ান্ত নকশা অনুমোদন, পার্কিং নীতিমালা প্রণয়ন, টার্মিনাল ও যানবাহন ডিপো স্থাপনার পরিকল্পনা প্রণয়ন, গণপরিবহনের ভাড়া নির্ধারণ প্রভৃতি কার্যক্রম পরিচালনা করবে ডিটিসিএ।