ঢাকা ফাঁকা হয়ে আসছে ভিড় বিপণিবিতানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহন আর জনজটে ঘিঞ্জি হয়ে পড়া রাজধানী ঢাকার রাস্তাগুলো প্রশস্ত হয়ে ধরা দিতে শুরু করেছে গতকাল শনিবার থেকে। তবে, ঈদের কেনাকাটার জন্য এখনো প্রচণ্ড ভিড় রয়েছে বিপণিবিতানগুলোকে কেন্দ্র করে।বেশ কিছুদিন ধরে নিত্য যানজটের নগর ঢাকার প্রধান সড়কগুলোতে গতকাল বিকেলে কোনো যানজট ছিল না। প্রায় সব রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। রাস্তায় যানবাহন ও যাত্রীর সংখ্যা ছিল অন্য সময়ের তুলনায় অনেক কম। তবে, ঘরমুখো মানুষের যাত্রায় মুখর ছিল রাজধানীর সব কটি বহির্গমন পথ। এ কারণে কমলাপুর রেলস্টেশন, সদরঘাট নৌবন্দর, সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল এলাকায় যানজট দেখা গেছে। সরকারি ও বেসরকারি অফিসে আগামী মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হবে। এর মধ্যে আজ রোববার শবে কদরের ছুটি। কাল সোমবার এক দিন অফিস খোলা। কিন্তু এর আগেই ঈদের যাত্রা শুরু করেছেন রাজধানীর বাসিন্দারা। এবার রাস্তাঘাটের দুরবস্থায় ঘরমুখী লাখো মানুষ মারাত্মক দুর্ভাবনায় পড়েছেন। এ কারণে অনেকে আগেভাগেই পরিবার-পরিজন বাড়ি পাঠিয়ে দেন। যাঁরা সোমবার ছুটি নিয়েছেন, তাঁরাও ইতিমধ্যে ঢাকা ত্যাগ করেছেন।গতকাল বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনালে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রাস্তাঘাটের কথা চিন্তা করে পরিবারকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি যাব আগামী মঙ্গলবার।’ স্ত্রী ও দুই সন্তানকে গতকাল বিকেলে তিনি নোয়াখালীর বাসে তুলে দেন। তাঁর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।গতকাল ও আগের দিন শুক্রবার বিপুল সংখ্যক মানুষ বাস, ট্রেন ও লঞ্চে রাজধানী ছেড়ে গেছেন। আজ রোববার শবে কদরের ছুটিতেও বাড়ির উদ্দেশে রওনা দেবেন অনেক নগরবাসী। ফলে আগামীকালের পর রাজধানীর রাস্তাগুলোর বুক আরও প্রশস্ত হয়ে দেখা দেবে।এখন শেষ মুহূর্তের কেনাকাটা চলছে রাজধানীর বিপণিবিতানগুলোতে। এ কারণে প্রচণ্ড ভিড় ছিল নগরের বিভিন্ন এলাকায়। মৌচাক থেকে মগবাজার এলাকায় গতকাল বিকেলজুড়ে ছিল যানজট আর ভিড়। উত্তর বাড্ডার গৃহিণী লাজুক প্রথম আলোকে বলেন, এই প্রথম ঈদবাজারে আসেন মেয়ে তূসীকে নিয়ে। মেয়ের জন্য একটি স্কার্ট ও নিজের জন্য শাড়ি কিনেছেন মৌচাক মার্কেট থেকে।একই চিত্র ছিল গাউছিয়া, চাঁদনী চক, নিউমার্কেট, ইস্টার্ন মল্লিকা ও এলিফ্যান্ট রোড এলাকার মার্কেটগুলোতে। পান্থপথের বসুন্ধরা মার্কেটেও ছিল ক্রেতাদের প্রচণ্ড ভিড়। মিরপুর রোডের মেট্রো শপিং মল, সানরাইজ শপিং কমপ্লেক্স, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আড়ং, নিপুণ, প্রবর্তনাতেও ক্রেতারা ব্যস্ত ছিলেন শেষ সময়ের কেনাকাটায়। একই রকম ভিড় দেখা গেছে মিরপুর ১, ২ ও ১০ নম্বর সেকশনের বিপণিকেন্দ্রগুলোতে। এক নম্বর সেকশনের ‘গ্রামীণ সামগ্রী’ নামের বিপণিকেন্দ্রের একজন বিক্রেতা বলেন, ঈদের কেনাকাটা গত শুক্রবার ভালো জমেছে। এর আগেও ক্রেতার ভিড় ছিল। কিন্তু বেচাকেনা ভালো দুই দিন ধরে।মিরপুর ২ নম্বর সেকশনে কে ক্রাফট, অঞ্জন’স, নবরূপা প্রভৃতি বিপণিকেন্দ্রেও গতকাল বিকেলে প্রচুর ক্রেতার ভিড় দেখা গেছে। বিক্রেতাদের ধারণা, চাঁদ রাত (ঈদের চাঁদ দেখার পর) পর্যন্ত ক্রেতাদের এমন ভিড় থাকবে। বেচাকেনাও ভালোই হবে।