ঢাকা বসবাসের অযোগ্য দায়ী রাজনৈতিক দলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলগুলো ও তাদের সমর্থিত মেয়র বা প্রশাসকদের দায়িত্বহীনতার কারণে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ মন্তব্য করেন। তাঁরা বলেন, গত ৪০ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ও ঢাকা সিটি করপোরেশনে তাদের নিয়োজিত মেয়র ও প্রশাসকেরা শুধু নিজেদের স্বার্থ দেখেছেন। ক্ষমতায় আসা দলগুলোর কাজ ছিল নগরের মাঠ, উদ্যান, নদী ও জমি দখল করা। ‘মানুষের বাসযোগ্য ঢাকা চাই’ স্লোগান সামনে রেখে সদ্য গঠিত একটি নাগরিক সংগঠন ‘জনগণের ঢাকা আন্দোলন’ এই গোলটেবিলের আয়োজন করে। শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘দেশের মূল সমস্যাটাই রাজনীতিকেন্দ্রিক। যতই দল বদল হোক, এ সমস্যা বদলাবে না। দলগুলোর কাছে দেশ কেবলই বিত্ত উপার্জনের বস্তু। দেশের স্বার্থ নিয়ে তাঁরা ভাবেন না।’ তিনি ঢাকাকে বাঁচানোর এই আন্দোলন সফল করতে গণমাধ্যম ও জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। ‘সংসদে-দলে কোথাও কোনো আলোচনা ছাড়াই ঢাকাকে দুই ভাগ করার সমালোচনা করে কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এখনো সময় আছে, ঢাকাকে উত্তর দক্ষিণের নামে ভাগ করে লুটপাট বন্ধ করতে হবে। অন্যথা আগামী ২৫-৩০ বছরে ঢাকা মহেঞ্জোদারো হরপ্পা নগরের মতো ইতিহাস হয়ে যাবে।’বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, ‘ঢাকাবাসীর মতামত প্রকাশের কোনো অধিকার নেই। সরকার কলমের এক খোঁচাতেই ঢাকা দুই ভাগ করে দিয়েছে।’ অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, নগরের অধিকাংশ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও বহুজাতিক বিনিয়োগকারী ও আমলাদের স্বার্থরক্ষার জন্য। এ সময় অভিজ্ঞতা বর্ণনা করে জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘আমার এলাকায় একটিও শুকনো রাস্তা নাই। ময়লা পানি উঠে এমন অবস্থা হয় যে, রিকশাতেও ওঠা যায় না।’ তিনি বলেন, মন্ত্রী-সাংসদদের বারবার অনুরোধ করেও এলাকার নর্দমার পানি অপসারণ সম্ভব হয়নি। পরে এলাকার তরুণদের সাহায্যে ৩০ হাজার টাকায় স্বেচ্ছাশ্রমে পানি অপসারণের কাজটি করা হয়েছে। আয়োজক সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী ম ইনামুল হকের সঞ্চালনায় গোলটেবিলে জনগণের ঢাকা আন্দোলনের প্রাথমিক পর্যায়ের ১৪ দফা দাবি করা হয়। এর মধ্যে বিভক্ত ঢাকাকে আবার এক করে সমন্বিত ও পরিকল্পিত উন্নয়ন, অপচয় ও দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রতিটি ওয়ার্ডে দপ্তর স্থাপন করে নাগরিকদের পরিষেবা দেওয়া, ১০টি অঞ্চলে ভাগ করে শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনব্যবস্থা ও নগর থেকে গার্মেন্টস কারখানাগুলো মফস্বলে সরিয়ে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন অন্যতম।গোলটেবিলে আরও বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, স্থপতি শামসুল ওয়ারেস, অর্থনীতিবিদ স্বপন আদনান, বাসদের নেতা বজলুর রশীদ, শিল্পী অরূপ রাহী, নারীনেত্রী বহ্নিশিখা জামালী প্রমুখ।