ঢাকা বিভক্তির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে গণফোরামসহ কয়েকটি সংগঠন। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, ঢাকা বিভক্তির সিদ্ধান্ত জনগণ মানবে না। এই সিদ্ধান্ত বাতিলের জন্য তারা আন্দোলন কর্মসূচিও ঘোষণা করেছে।দলের কাউন্সিল সামনে রেখে গতকাল শনিবার গণফোরামের ঢাকা মহানগর শাখার প্রস্তুতি সভায় নেতারা বলেছেন, ঢাকা বিভক্তি ঢাকার জনগণ মেনে নিতে পারে না, মানবে না। ৪০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকাকে বিভক্তি করার গণবিরোধী কর্মকাণ্ডে জনগণ উদ্বিগ্ন। জনগণের মতামত উপেক্ষা করে সরকার অসৎ উদ্দেশ্যে সংসদে বিল উত্থাপন ও তড়িঘড়ি করে তা পাস করেছে। সভায় বিভক্তির প্রতিবাদে ৭ ডিসেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।গতকাল গণতান্ত্রিক বাম মোর্চার এক সভায় নেতারা বলেন, সেবা বৃদ্ধির কথা বলে ঢাকা ভাগ করা জনগণের সঙ্গে প্রতারণা। গতকাল তোপখানা রোডে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।