ঢাকা বিশ্ববিদ্যালয় আপিল করবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আপিলের সিদ্ধান্ত নিয়েছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের আগের পরীক্ষা বাতিল করে ৯ ডিসেম্বর পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে গত বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ পুনরায় পরীক্ষা না নিয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে আবার ফল দেওয়ার নির্দেশ দেন। এ জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল প্রথমে ডিন কমিটির বৈঠক বসে। ওই বৈঠকে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেন সব ডিন। তাঁরা বলেন, একমাত্র পুনরায় পরীক্ষা নিয়েই শিক্ষার্থীদের প্রতি ন্যায়বিচার করা সম্ভব। না হলে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত থেকেই যাবে। তাই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার পরামর্শ দেয় ডিনস কমিটি। সন্ধ্যায় সিন্ডিকেট বৈঠকে ডিনস কমিটির এ সিদ্ধান্ত নিয়ে ফের আলোচনা হয়। এরপর সিন্ডিকেট আপিলের সিদ্ধান্ত নেয়। আজ রোববার এই আপিল করা হতে পারে বলে জানা গেছে। গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটে ৯৮০টি আসনের বিপরীতে ৩৮ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হলে দুই হাজার ৭২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। প্রত্যাশিত ফল না পেয়ে ১ নভেম্বর অনেক শিক্ষার্থী উত্তরপত্র মূল্যায়নে ভুল আছে বলে অভিযোগ করেন। বিষয়টি সাংবাদিকেরা কর্তৃপক্ষের কাছে তুলে ধরলে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ২ নভেম্বর পুনরায় ফল প্রকাশ করা হয়। সেখানে পাস করেন ছয় হাজার ৯৪ জন শিক্ষার্থী। তবে ১৯৪ জন শিক্ষার্থী প্রথমবার প্রকাশিত ফলের মেধাতালিকায় সামনে থেকে পেছনে চলে যান। আর ৩৯ জন অকৃতকার্য হন। এরপর কয়েক শ শিক্ষার্থী আবারও ফল পূনর্মূল্যায়নের দাবি জানালে ১৯ নভেম্বর রাতে ডিনস কমিটির জরুরি সভায় ফল বাতিল করা হয়। তবে পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পরীক্ষায় উত্তীর্ণ ১২ শিক্ষার্থী রিট আবেদন করেন।