ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একের পর এক মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক মাস ধরে একের পর এক মোটরসাইকেল ছিনতাই হচ্ছে। এ এলাকায় গত তিন মাসে অন্তত ২০টি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। গত বৃহস্পতিবার ছিনতাইকারীর গুলিতে এক ব্যবসায়ী প্রাণ পর্যন্ত হারিয়েছেন। বেপরোয়া এই দুর্বৃত্তদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। অভিযোগ উঠেছে, ছাত্রলীগের জিয়া এবং এসএম হলের দুজন শীর্ষনেতা এই চক্রের সঙ্গে জড়িত।শাহবাগ থানার পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে ক্যাম্পাস এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মামলাই হয়েছে নয়টি। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী পলাশী এলাকায় মোটরসাইকেল ছিনতাইকারীদের গুলিতে নিহত হয়েছেন ব্যবসায়ী সোহেল মাহমুদ। দুটি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা ফুটপাতের কাপড় ব্যবসায়ী সোহেলের গতিরোধ করে। চাবি না দেওয়ায় দুর্বৃত্তরা তাঁর বুকে গুলি করে।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, মোটরসাইকেল কেড়ে নেওয়ার উদ্দেশ্যেই গুলি করা হয়েছিল। এ ঘটনায় সোহেলের স্ত্রী একটি হত্যা মামলা করেছেন বলে জানান তিনি। শাহবাগ থানা সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত সময়ে বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের নয়টি মামলা হয়েছে। মামলার তথ্য অনুযায়ী, এসব ছিনতাইয়ের ঘটনা হয়েছে শহীদ মিনার, চারুকলা ইনস্টিটিউটের বিপরীতের ছবির হাট, বুয়েট জামে মসজিদ, টিএসসি, ফজলুল হক হল, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবন ও নীলক্ষেত এলাকায়। ভুক্তভোগীরা অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মামলা করেছেন। সবগুলো ছিনতাই হয়েছে রাতে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে চড়াও হয়ে অস্ত্র দেখিয়ে কিংবা গায়ের জোরে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ক্যাম্পাসের ভেতর ঘটনা ঘটায় সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস করে না। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বলেন, ‘ক্যাম্পাসে মাঝেমধ্যেই মোটরসাইকেল ছিনতাই হচ্ছে। মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র জড়িত রয়েছে বলে জানা গেছে। এরা সবাই ক্ষমতাসীন দলের ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত।’ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমার জানা নেই। তবে অভিযোগ সত্য হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। গোয়েন্দা সংস্থা ও পুলিশকে বারবার এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। তাদের চেকপোস্ট বসানোর জন্যও বলেছি।’ ছিনতাইকারী চক্রের সঙ্গে ছাত্রলীগের হল নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, ‘এক মাস আগে আমি বিষয়টি শুনেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে বলার পরও তারা ব্যবস্থা নিচ্ছে না।’