ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলশান এলাকায় চলাচল সীমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি নববর্ষ উদ্যাপনের সময় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য আজ শুক্রবার রাতে রাজধানীতে থানাপুলিশের পাশাপাশি অতিরিক্ত সাত হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করা হবে।নববর্ষের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে গতকাল ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে বক্তব্য দেন মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ।সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, প্রতিবছর কিছু লোক নববর্ষ উদ্যাপনের নামে নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কাজে লিপ্ত হয়। নারীদের সঙ্গে অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি চালানোর মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে। এবার যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হবে।কমিশনার বলেন, রাস্তায় প্রস্তুত রয়েছে রেকার, অশ্বারোহী পুলিশ, সাঁজোয়া যান (এপিসি), জলকামান, মাদক শনাক্তকরণ যন্ত্র ইত্যাদি। রাস্তায় বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া লাইসেন্স ছাড়া ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সন্ধ্যা থেকে এই নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, মহানগর পুলিশের আটটি অপরাধ বিভাগ ও চ্যান্সেরি পুলিশ ছাড়াও অতিরিক্ত সাত হাজার পুলিশ মোতায়েন থাকবে।এ ছাড়া গত বুধবার র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশৃঙ্খলা এড়াতে ঢাকায় আড়াই হাজার ও সারা দেশে তিন হাজার র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।গতকালের সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, শুক্রবার রাতে রাস্তার মোড়, ফ্লাইওভার কিংবা রাস্তায় কোনো ধরনের জমায়েত বা সমাবেশ করা যাবে না। এ সময় সব ধরনের বৈধ আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ থাকবে।কমিশনার বলেন, শুক্রবার রাজধানীর বিভিন্ন বার ও মদের দোকান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। বার ও মদের দোকানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া শুক্রবার রাত ১১টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরতদের বাসস্থানে ফেরার অনুরোধ জানিয়েছে পুলিশ। এরপর ক্যাম্পাসে ঢুকতে হলে পুলিশকে পরিচয়পত্র দেখাতে হবে। শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে শনিবার ভোর পাঁচটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত ও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশের রাস্তাগুলো খোলা থাকবে। বাকি পথগুলো বন্ধ করে দেওয়া হবে।গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যারা বাস করে না, শুক্রবার রাতে তাদের ওই সব এলাকায় না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে শনিবার ভোর পাঁচটা পর্যন্ত এসব এলাকায় ঢোকার জন্য তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ফিনিক্স রোড ক্রসিং, আমতলী ক্রসিং, কাকলী ক্রসিং, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং খোলা থাকবে। অন্যান্য পথ বন্ধ করে দেবে পুলিশ।