ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার কর্মচারীর জন্য বাসা আছে মাত্র ৩২০টি। এ সমস্যা সমাধানের জন্য একটি বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত থাকলেও সেটি চার বছর ধরে ঝুলে আছে। গত ২৪ এপ্রিল বিষয়টি অর্থসংক্রান্ত কমিটিতে তোলা হলে তা পুনর্বিবেচনার জন্য আবারও স্থান নির্বাচনী কমিটিতে পাঠানো হয়।কর্মচারীরা বলছেন, এর কারণে উদ্যোগটি আবারও ঝুলে গেল। এ নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ১৭ মের মধ্যে অর্থসংক্রান্ত কমিটির সিদ্ধান্ত বাতিল করে ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তৃতীয় শ্রেণীর কর্মচারীরা।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, উত্তর নীলক্ষেত, দক্ষিণ নীলক্ষেত ও আজিমপুরের কর্মচারী কোয়ার্টারে ৩২০টি বাসা রয়েছে। কিন্তু কর্মচারী থেকে কর্মকর্তা পদে পদোন্নিত পাওয়ার পরও এসব বাসায় দেড় শতাধিক কর্মকর্তা বাস করছেন। এ কারণে কর্মচারীদের আবাসন আরও সংকুচিত হয়ে পড়েছে।বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বর্তমানে ১০ থেকে ১৫ শতাংশ কর্মচারী আবাসনের সুবিধা পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কর্মচারীদের আবাসন সংকটের সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৬ সালের পাঁচ ফেব্রুয়ারি সিন্ডকেটে একটি বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। নীলক্ষেত এলাকার কর্মচারী সমিতির ক্লাবঘরের জায়গায় আটতলা এই ভবন হওয়ার কথা। কিন্তু এ বছরের ২৪ এপ্রিল বিষয়টি অর্থ কমিটিতে উপস্থাপিত হলে তা পুনর্বিবেচনার জন্য আবার নির্বাচনী কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। কর্মচারীদের অভিযোগ, অর্থ কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য কোনো কারণ ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।এ ব্যাপারে সানোয়ার হোসেন বলেন, অর্থসংক্রান্ত কমিটির সিদ্ধান্তের পর কর্মচারীরা ২ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত হবে।এ বিষয়ে অর্থ কমিটির প্রধান হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে মুঠোফোনে তাঁকে পাওয়া যায়নি। তবে কোষাধ্যক্ষ প্রথম আলোকে বলেন, ভবনটি নির্মাণের জন্য সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো টাকা বরাদ্দ দেয়নি। কোষাধ্যক্ষ আরও বলেন, নির্মাণ ব্যয় ভবন থেকেই তুলতে হবে। ওই স্থানকে ঘিরে দুটি মার্কেট হয়ে যাওয়ায় কমিটি একই স্থানে আরেকটি ব্যবসায়িক ভবন তৈরি করতে চায়নি। তাই স্থান পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে।