ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝুঁকিপূর্ণ ১২ বিলবোর্ড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপিত ১২টি বিলবোর্ডকে ঝুঁকিপূর্ণ মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এগুলো সরিয়ে নেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও বিজ্ঞাপনী সংস্থাগুলো এখনো সেগুলো সরিয়ে নিচ্ছে না। বিলবোর্ডগুলো উচ্ছেদে সিটি করপোরেশনের সহায়তা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।অবৈধ এই ১২টি বিলবোর্ডের মধ্যে টিএসসির উত্তর পাশে কেন্দ্রীয় লাইব্রেরিসংলগ্ন যাত্রীছাউনির পাশে একটি, নীলক্ষেত মোড়ে পূর্ব-দক্ষিণ কোণে একটি, নীলক্ষেত মোড়ের স্টাফ কোয়ার্টারের দেয়ালসংলগ্ন স্থানে একটি, টিএসসির মিলন চত্বরের উত্তর পাশে একটি, মেডিসিন কর্নার এলাকায় তিনটি, নীলক্ষেত পুলিশ ফাঁড়ি এলাকায় একটি, সুইমিং পুল এলাকায় তিনটি এবং টিএসসি মোড়ে একটি বিলবোর্ড আছে।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল আলিম বলেন, টিএসসি ও দোয়েল চত্বরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় অনেক বিলবোর্ড আছে। এগুলোর কারণে ক্যাম্পাসের সবুজ ঢাকা পড়ে যাচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি বিভাগের এক কর্মকর্তা বলেন, ক্যাম্পাসে এসব বিলবোর্ড স্থাপনের সঙ্গে ছাত্রনেতাদেরও যোগসাজশ আছে। জোট সরকারের সময়ে ছাত্রদলের নেতারা ক্যাম্পাসে বিলবোর্ড স্থাপনের জন্য বিজ্ঞাপনী সংস্থাগুলোর কাছ থেকে টাকা নিতেন। এখন ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির কয়েকজন নেতা এর সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ব্যবস্থাপক আজিজুল হক প্রথম আলোকে জানান, দু-তিন বছর আগে বিলবোর্ডগুলোর অনুমোদনের মেয়াদ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক দিন আগেই এগুলোর বরাদ্দ বাতিল করে সেগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এরপর ২০০৯ সালের ১৯ নভেম্বর বিলবোর্ডগুলো সরিয়ে নেওয়ার জন্য বিজ্ঞাপনী সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়। কিন্তু বিজ্ঞাপনী সংস্থাগুলো কোনো যোগাযোগ করেনি। এখন কারা এই বিলবোর্ড থেকে টাকা নিচ্ছে, সেটি তাঁর জানা নেই বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয় কেন এগুলো অপসারণ করেনি—জানতে চাইলে আজিজুল হক বলেন, অপসারণের প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় বিশ্ববিদ্যালয় সেগুলো সরিয়ে নিতে পারেনি। এ কারণে সিটি করপোরেশনের সহযোগিতা চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৩ মার্চ একটি চিঠিও দিয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের চিঠি তাঁরা পেয়েছেন। ২৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিলবোর্ড উচ্ছেদে অভিযান চালানোর পরিকল্পনা আছে। সেদিনই অবৈধ এই বিলবোর্ডগুলো উচ্ছেদ করা হবে। ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, ডিসিসির কাছ থেকে অনুমোদন নেওয়া বিলবোর্ডের সংখ্যা মাত্র ৩০০। কিন্তু রাজধানীতে অনুমোদন ছাড়া হাজার দুয়েক বিলবোর্ড আছে। বিশ্ববিদ্যালয় এলাকায়ও অনুমোদনহীন অনেক বিলবোর্ড আছে।