ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাস ভাঙচুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে দুটি বাস ভাঙচুর করেছেন। এ সময় তাঁরা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেন। এতে পুলিশ দুজনকে আটক করেছে।সূত্র জানায়, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মালিবাগ থেকে বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্র টিকিট ছাড়া আজিমপুরগামী ফাল্গুন পরিবহনে ওঠেন। তাঁরা হলেন মহিউদ্দীন আশরাফি, তাজনীম কবির, মাসুম আহমেদ ও আমির হামজা। বাসের কন্ডাক্টর তাঁদের কাছে টিকিট চাইলে তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেন। টিকিট না থাকায় কন্ডাক্টরের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়।ক্যম্পাসে এসে ওই চার শিক্ষার্থী তাঁদের বন্ধুদের নিয়ে আজিমপুর থেকে বাসচালককে জিম্মি করে একই সংস্থার দুটি বাস ক্যাম্পাসে নিয়ে আসেন। এরপর মুঠোফোনে বাস মালিককে বাস ছাড়িয়ে নিয়ে যেতে বলেন। মলিক পক্ষ এ প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁরা বাস দুটি ভাঙচুর করেন। ঘটনার সময় ভাঙচুরকারীরা নিজেদের সূর্যসেন হলের ছাত্রলীগের কর্মী দাবি করেন।