ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১২টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়, দোয়েল চত্বরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ১২টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। গত মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বিলবোর্ডগুলো উচ্ছেদ করা হয়। গত শুক্রবার রাতে বিলবোর্ড উচ্ছেদের অভিযানে এসে ছাত্রলীগের বাধার মুখে ফিরে গিয়েছিল ডিসিসি।প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ ও ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ অভিযানে উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন ২৫ থেকে ৩০ জন পুলিশ। ৪০ জন উচ্ছেদকর্মী রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত উচ্ছেদকাজে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও প্রক্টর কে এম সাইফুল ইসলাম ইসলাম ঘটনাস্থলে এসে বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন।ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় এলাকার প্রায় সব বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। যে কয়েকটি বিলবোর্ড এখনো রয়েছে, সেগুলোর ২০১০ সালের জুন মাস পর্যন্ত অনুমোদন আছে। তবে মেয়র অনুমতি দিলে সেগুলোও উচ্ছেদ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপিত ১২টি বিলবোর্ডকে ঝুঁকিপূর্ণ মনে করে এগুলো উচ্ছেদের জন্য বিজ্ঞাপনী সংস্থাগুলোকে কয়েকবার চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংস্থাগুলো তা সরিয়ে না নেওয়ায় গত ২৩ মার্চ ডিসিসির সহায়তা চেয়ে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।