ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে উৎসবের আমেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার ক্যাম্পাস সেজেছিল নতুন সাজে। জাতীয় গৌরবের এই প্রতিষ্ঠানটি পদার্পণ করেছে ৯২ বছরে। দিনটি উদ্যাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সমবেত হয়েছিলেন তারুণ্যের জয়গান গেয়ে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচার—সবাই নেমে এসেছিলেন এককাতারে।এবারের বিশ্ববিদ্যালয় দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘নারীর ক্ষমতায়নে উচ্চশিক্ষা’। রংবেরঙের বেলুন, ফেস্টুন ও ব্যানার নিয়ে সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রাধ্যক্ষের নেতৃত্বে শিক্ষার্থীরা জড়ো হন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মল চত্বরে। এরপর উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের উপস্থিতিতে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা ও হলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মল চত্বর থেকে টিএসসি মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে নৃত্যের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়। ‘নারীর ক্ষমতায়নে উচ্চশিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, নারীর ক্ষমতায়নে আর্থিক স্বাধীনতার প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সেই আর্থিক স্বাধীনতা হয়তো সস্তায় শ্রম বিক্রি করেও পাওয়া যাচ্ছে, কিন্তু তা অনেক বেশি করে আসছে উচ্চশিক্ষার পথ বেয়ে। নারীকে কেউ আজ আর ভালো স্ত্রী বা ভালো মা হওয়ার শিক্ষা দিতে যাচ্ছে না, শিক্ষা আজ তার সর্ববিধ বিকাশে ভূমিকা রাখতে চাইছে। উচ্চশিক্ষা তাকে মানুষ হিসেবে তার মূল্য নিরূপণ করতে শেখাচ্ছে, তার সত্তার স্বাতন্ত্র্য সম্পর্কে অবহিত করছে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের সার্বিক উন্নয়নেই ভূমিকা রাখেনি, দেশের সামাজিকতাও গড়েছে। তিনি আরও বলেন, একটা বিশ্ববিদ্যালয় জ্ঞান তৈরি করতে পারে। কিন্তু সামাজিকতা তৈরির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রগণ্য। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের জনসংখ্যার ৫০ শতাংশ নারী। এই বিপুলসংখ্যক জনসংখ্যাকে বাদ দিয়ে জাতীয় অগ্রগতি সম্ভব নয়। সুখী ও সমৃদ্ধিশালী জাতি গঠন করতে হলে নারীর ক্ষমতায়ন ও উচ্চশিক্ষা জরুরি। তিনি বলেন, ‘মেধা ও যোগ্যতার কারণে বর্তমান সমাজে নারীরা অনেক এগিয়েছে ঠিকই, কিন্তু আমাদের সমাজে নারীদের নির্যাতনের ঘটনাও অহরহ ঘটছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, বিশ্ববিদ্যালয়ের দুই সহ-উপাচার্য নাসরীন আহমদ, সহিদ আকতার হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে গবেষণা ও আবিষ্কারবিষয়ক প্রদর্শনী, ডিইউডিএসের আয়োজনে প্রীতি বিতর্ক, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আবৃত্তি, দেশাত্মবোধক গান, বাউলসংগীত ও কাওয়ালি পরিবেশন করা হয়।