ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব তহবিল গঠন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণা, প্রকাশনা, বৃত্তি ও চিকিত্সা খাতে সমৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নিজস্ব তহবিল গঠন করবে। এর নাম হবে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় তহবিল’। মূলত বেসরকারি খাত থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে এটি গঠিত হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছর সিনেট অধিবেশনে সিন্ডিকেট সদস্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য নিজস্ব তহবিল গঠনের প্রস্তাব করেন। সিনেটে প্রস্তাব গৃহীত হওয়ার পর তহবিল গঠনের প্রস্তাব তৈরির জন্য চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে কর্তৃপক্ষ। গত সোমবার কমিটি সিন্ডিকেট সভায় তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন থেকে জানা যায়, এ তহবিলের অর্থ দেশ-বিদেশের বড় প্রতিষ্ঠান বা সংস্থা, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে সংগ্রহ করা হবে।তহবিল গঠনের জন্য প্রতিবছর সরকার বা রাষ্ট্রপ্রধান, জাতীয় ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিরা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সংগঠক, খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে তহবিলে অর্থ সংগ্রহ করা হবে। তহবিলের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে খাত নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করা হবে। যদি কোনো বছর তহবিলের অর্থ সংগ্রহ করা না যায়, তবে ওই বছর বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার ৮০ শতাংশ ব্যয় করে বাকি ২০ শতাংশ মূলধনের সঙ্গে সম্পৃক্ত রাখা হবে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সরকারের সীমিত অর্থে বিশ্ববিদ্যালয়ের সব সমস্যা নিরসন করা সম্ভব হয় না। তাই কর্তৃপক্ষ নিজস্ব এই তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।