ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১১ সালের কার্যকরী পরিষদের নির্বাচন আজ বৃহস্পতিবার। বরাবরের মতো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগ-সমর্থিত নীল দল এবং বিএনপি-জামায়াত-সমর্থিত সাদা দল—এই দুই প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেবেন শিক্ষকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এবার মোট ভোটার এক হাজার ৬৭৮ জন শিক্ষক।গঠনতন্ত্র অনুযায়ী, প্রতিবছরই শিক্ষক সমিতির নির্বাচন হয়ে থাকে। ১৫টি কার্যকরী পরিষদ পদে এ নির্বাচন হয়। নির্বাচিত কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করে।এ বছর নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মকবুল উর রহমান।গত বছর শিক্ষক সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদেই জয়ী হয় নীল দল। এবারও নিজেদের জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন নীল দলের শিক্ষকেরা। অন্যদিকে সাদা দলের শিক্ষকেরা পরিস্থিতির পরিবর্তন ঘটবে বলে আশা করছেন।সভাপতি পদে নীল দল থেকে লড়বেন বর্তমান সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন। এ পদে সাদা দলের প্রার্থী অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম। নীল দল থেকে সাধারণ সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. অহিদুজ্জামান, সহসভাপতি পদে অধ্যাপক আ ব ম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাবিতা রিজওয়ানা রহমান ও কোষাধ্যক্ষ পদে কামাল উদ্দীন লড়বেন। অন্যদিকে সাদা দল থেকে সাধারণ সম্পাদক পদে অধ্যাপক আবুল হাসনাত, সহসভাপতি পদে অধ্যাপক আখতার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিন্ডিকেট সদস্য মইনুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।