বাংলাদেশের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ইতিহাস। একটি বিশ্ববিদ্যালয় যে একটি দেশের প্রতিশব্দ হতে পারে, তার একমাত্র প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু শিক্ষার মান, আবাসন ও ক্লাস সঙ্কটসহ নানা সমস্যায় এ বিশ্ববিদ্যালয় আজ জর্জরিত। এসব সমস্যার সমাধান হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ই গড়বে ভবিষ্যতের বাংলাদেশ।‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরবের ৮৯ বছর: অতীত ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ বৈঠকের আয়োজন করে। এ সময় বক্তাদের প্রায় সবাই ডাকসু নির্বাচন দ্রুত হওয়া উচিত বলে মতপ্রকাশ করেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘সামরিক শাসকদের দ্বারা সৃষ্ট সংগঠন থেকেই শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির পবিত্রতা নষ্ট হওয়া। এরপর একে আর আগের অবস্থায় নেওয়ার চেষ্টা হয়নি।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘অতীতে দেশের সব ন্যায়সঙ্গত আন্দোলন-সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়ে এসেছে। ভবিষ্যতেও সব আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেবে এই বিশ্ববিদ্যালয়। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ই তা নির্দেশ করবে।’অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একসময় সাংস্কৃতিক বলয় গড়ে উঠেছিল। কিন্তু ডাকসু না থাকায় তা আজ বিলীন।’ তিনি অবিলম্বে ডাকসু নির্বাচন করে এ শূন্যতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। সাবেক উপাচার্য এস এম এ ফায়েজ বলেন, আবাসিক সমস্যার সমাধান হলে ছাত্ররাজনীতির অনেক সমস্যাই কেটে যাবে।অনুষ্ঠানে প্রথম এভারেস্টজয়ী বাংলাদেশি মুসা ইব্রাহীমকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবন্ধ পড়ে শোনান অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম। বক্তব্য দেন সহ-উপাচার্য হারুন অর রশিদ, শিক্ষকনেতা আনোয়ার হোসেন, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম ও মাহমুদুর রহমান, নেপালের ছাত্রী শমিক্সা কৈরালা, নাজমুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা উপস্থিত ছিলেন।