ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাইয়ের শতবর্ষের মিলনমেলা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গতকাল বৃহস্পতিবার বিকেলে খেলার মাঠে একটি সংবাদ সম্মেলন করে
ছবি: আসিফ হাওলাদার

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের মিলনমেলা কাল শনিবার৷ করোনা পরিস্থিতির কারণে দুই দফায় পেছানোর পর অবশেষে কাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই মিলনমেলার আয়োজন হতে যাচ্ছে৷ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৯ হাজার ৩৩৭ জন সদস্য এই আয়োজনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

মিলনমেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বড় আকারের সুদৃশ্য প্যান্ডেল করা হয়েছে৷ চলছে সাজসজ্জাসহ শেষ মুহূর্তের প্রস্তুতি৷ এই আয়োজন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বিকেলে খেলার মাঠে একটি সংবাদ সম্মেলন করে অ্যালামনাই অ্যাসোসিয়েশন৷ সংবাদ সম্মেলন থেকে অ্যালামনাইয়ের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ৷ তিনি বলেন, শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে থাকার কথা ছিল, সেখানে পৌঁছাতে পারেনি৷ এই বিশ্ববিদ্যালয়কে আমরা আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এক শর মধ্যে আনতে চাই৷ সেই লক্ষ্যে আমরা ১০০ কোটি টাকার একটি তহবিল নিয়ে এগোচ্ছি। মিলনমেলাকে কেন্দ্র করে আমরা এরই মধ্যে বেশ কিছু অর্থ জোগাড় করেছি৷ বাকি অর্থ আগামী এক-দুই বছরের মধ্যে জোগাড় করতে পারব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান এ কে আজাদ৷ তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা সমাজে স্বীকৃতি পেয়েছি ও প্রতিষ্ঠিত হয়েছি৷ আমরা মাতৃসম এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখতে চাই৷’ শতবর্ষের মিলনমেলায় অংশ নিতে এখন পর্যন্ত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৯ হাজার ৩৩৭ জন সদস্য (স্ত্রী-সন্তানসহ ১১ হাজার ৩২৭ জন) নিবন্ধন করেছেন বলে জানান তিনি৷ এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন এ কে আজাদ।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, প্রচার ও যোগাযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন, শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক আনোয়ার-উল-আলম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

মিলনমেলায় যা থাকছে

শতবর্ষের মিলনমেলার উদ্বোধন হবে শনিবার সকাল ১০টায়৷ উদ্বোধনের পর শতবর্ষ উপলক্ষে প্রকাশিত তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন হবে। একই সঙ্গে ‘শিল্পীর রং–তুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক প্রদর্শনীরও উদ্বোধন করা হবে৷ এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রথম অর্থসচিব মো. মতিউল ইসলাম৷ অ্যালামনাইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সাবেক সভাপতি কাজী রকীবউদ্দীন আহমেদ, শতবর্ষ উদ্‌যাপন কমিটির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ ও সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল।

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেবেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার৷ শুভেচ্ছা বক্তব্য দেবেন অ্যালামনাইয়ের শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক আনোয়ার-উল-আলম চৌধুরী ও সহসভাপতি শাইখ সিরাজ৷ শতবর্ষ উদ্‌যাপন কমিটির সদস্যসচিব আশরাফুল হক এই পর্বে ধন্যবাদ জ্ঞাপন করবেন৷ বেলা ১১টা ৫৫ মিনিটে এই পর্ব শেষ হবে।

এরপর দুপুর ১২টা ২০ মিনিটে শুরু হবে ‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, লেখক ও রাজনীতিক ইনাম আহমদ চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক হামিদা আখতার বেগম, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ৷ এই পর্ব শেষে থাকবে মধ্যাহ্নভোজ।

বেলা সাড়ে তিনটায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের শত গুণীজন সম্মাননা (মরণোত্তর)’ শীর্ষক অনুষ্ঠান হবে৷ এতে গৌরবোজ্জ্বল অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হবে৷ বিকেল চারটায় ‘অ্যালমা মেটারের প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠান হবে৷ এটি শেষে বৈকালিক আপ্যায়নের পর বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক পর্বে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত রবীন্দ্রসংগীত, নজরুলসঙগীত ও হারানো দিনের গান পরিবেশন করবেন শিল্পী অদিতি মহসীন, প্রিয়াংকা গোপ ও হৈমন্তী রক্ষিত৷ এরপর ১৯৬০ ও ৭০-এর দশকের বাংলা চলচ্চিত্রের গান নিয়ে নৃত্য পরিবেশন করবেন শিল্পী চাঁদনি, সিনথিয়া, মিম চৌধুরী ও তাঁদের দল৷ তাঁদের পর শিল্পী সামিনা চৌধুরী ও সন্দীপন আধুনিক ও পুরোনো দিনের গান পরিবেশন করবেন আর শিল্পী প্রেমা ও তাঁর দল পরিবেশন করবেন রায়বেশী নৃত্য৷ রাত আটটা থেকে সোয়া নয়টা পর্যন্ত থাকবে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের একক সংগীত পরিবেশনা৷ সবার শেষে গাইবেন শিল্পী নিশীতা বড়ুয়া।