ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার কোনো ক্লাস হবে না এবং পরিবহনব্যবস্থাও বন্ধ থাকবে।রাষ্ট্রপতির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রপতির মৃত্যুতে বিভিন্ন কর্মসূচিও নেওয়া হয়েছে।গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় হরতালের কারণে যাতে সেশনজট না হয়, সে জন্য আজ থেকে আগামী ৩১ মে পর্যন্ত প্রতি শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল প্রথম আলোকে বলেন, ডিনস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরের শুক্রবার (২৯ মার্চ) থেকে যথারীতি ক্লাস অনুষ্ঠিত হবে এবং ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে সব রুটের পরিবহনব্যবস্থাও চালু থাকবে।কর্মসূচি: জিল্লুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে আগামীকাল শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ মার্চ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে ওই দিন বেলা ১১টা থেকে একটা পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।