ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা-সম্পর্কিত গবেষণাকেন্দ্র হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের গণহত্যাসহ বিশ্বের ইতিহাসের বড় বড় গণহত্যা সম্পর্কে উচ্চশিক্ষা গ্রহণ ও গবেষণার জন্য ‘সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ’ নামে একটি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, স্বাধীনতা যুদ্ধে পকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। এসব গণহত্যার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই গবেষণাকেন্দ্রটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পৃথিবীর ইতিহাসে যত বড় বড় গণহত্যা সংঘটিত হয়েছে, সেগুলো নিয়েও এখানে গবেষণা করা হবে। শিগগিরই গবেষণাকেন্দ্রটি স্থাপন করা হবে বলে জানান তিনি।সভায় এমফিল, পিএইচডি ডিগ্রি প্রদান, ছাত্রদের ভর্তি, পরীক্ষা পুনর্মূল্যায়ন এবং ‘এডুকেশনাল সাইকোলজি’ নামে একটি নতুন বিভাগ স্থাপনেরও সিদ্ধান্ত হয়।