‘সকালে দেখি মিছিলের পর মিছিল। “ধর”, “মার” ইত্যাদি স্লোগান দিতে দিতে তারা একের পর এক বাড়িতে ভাঙচুর আর লুটপাট চালাল। আগুন ধরিয়ে দিল। পালিয়ে গেলাম বাড়ি থেকে। রাতে ফিরে এসে দেখি শুধু ছাই আর ছাই। এরপর থেকে রাস্তায় রাস্তায় ঘুরছি। মানুষের বাড়িতে খাচ্ছি।’ এটি ১৯৭১ সালের মার্চ মাসের কোনো ঘটনার বর্ণনা নয়। এটা গত ৩১ মার্চ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলার খণ্ডচিত্র। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশে এই বর্ণনা দিচ্ছিলেন কৃষক লক্ষ্মীপদ মণ্ডল।সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র-শিক্ষকেরা’। সমাবেশে বক্তারা বলেন, যে নাটকের মঞ্চায়নকে অজুহাত করে সাতক্ষীরায় ওই বর্বর হামলার ঘটনা ঘটল, আবুল মনসুর আহমদ রচিত হুজুর কেবলা নামের সেই নাটকটি প্রায় ৮০ বছর আগে লেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, প্রশাসনের নীরবতা, ধর্মান্ধতা ও সম্পদ দখলের লোভ—এই তিনের প্রতিফলন সাতক্ষীরার ঘটনায় লক্ষ করা যায়। তিনি প্রশ্ন করেন, ‘আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম! পাকিস্তান আমলেও যা ঘটেনি আজ তা ঘটছে।’ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘একাত্তরে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, আজ সে বাংলাদেশ কথা বলে না। বাংলাদেশের পতাকা আজ খামছে ধরেছে পাকিস্তানপন্থীরা, মুক্তিযুদ্ধবিরোধীরা।’ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও কাবেরী গায়েনের সঞ্চালনায় সমাবেশে অধ্যাপক গীতি আরা নাসরিন, কবি মুহম্মদ সামাদ, নিরঞ্জন অধিকারী, শফিউল আলম ভূঁইয়াসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।