ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীর হাতে দুই ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের কর্মীদের মারধরে মিছবাহ উদ্দিন ও মইনুদ্দিন নামের দুই ছাত্র আহত হয়েছেন। আহত মিছবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, গত বুধবার সকালে কয়েকজন ছাত্র হলের দোতলায় কথা বলছিলেন। এ সময় ছাত্রলীগের হল শাখার তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান সুমন তাঁদের কথার মধ্যে কথা বলতে চান। এতে কয়েকজন বাধা দেন। এ ঘটনার জের ধরে গতকাল সকালে হাবিবুর রহমান, বরকত হোসেন, মাসুদসহ কয়েকজন মিছবাহর কক্ষে ঢুকে লাঠিসোঁটা ও বঁটি দিয়ে তাঁকে এবং কক্ষে থাকা তাঁর ছোট ভাই মইনুদ্দিনকে বেধড়ক মারধর করেন। হাবিবুর রহমান বলেন, মিছবাহ প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন এবং বিরোধীদলীয় এক নেতার পক্ষে কথা বলেছেন। হলের কয়েকজন শিক্ষার্থী জানান, বরকত সম্প্রতি বিভিন্ন অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছেন। হলের প্রাধ্যক্ষ আবু মো. দেলোয়ার হোসেন বলেন, বরকতকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। এ ঘটনায় হল কর্তৃপক্ষ ও প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।