ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাজউদ্দীন আহমদ ট্রাস্ট ফান্ড গঠিত
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দীন আহমদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তাজউদ্দীন আহমদ ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের এই তহবিল থেকে বৃত্তি দেওয়া হবে। ‘তাজউদ্দীন আহমদ ট্রাস্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে গতকাল রোববার তাজউদ্দীন আহমদের কন্যা শারমিন আহমদ ১০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমানের হাতে তুলে দেন। উপাচার্য ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক ডালেম চন্দ্র বর্মণ, তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি, মাহজাবিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের স্নাতক চূড়ান্ত পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে ‘তাজউদ্দীন আহমদ স্বর্ণপদক’ এবং স্ন্নাতকোত্তর পড়ার সময় তাঁকে প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। একই বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত একজন গরিব ও মেধাবী ছাত্রীকে তাঁর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীতে অধ্যয়নকালে প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। এ ছাড়াও এই তহবিলের অর্থায়নে প্রতিবছর ২৩ জুলাই ‘তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা’, তাজউদ্দীন আহমদের জীবন ও কর্মের ওপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।