ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র বিতর্ক খতিয়ে দেখতে কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ভুল উত্তর দিয়ে উত্তরপত্র মূল্যায়ন এবং সঠিক উত্তরবিহীন প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। কোষাধ্যক্ষ মীজানুর রহমানকে প্রধান করে গঠিত কমিটিতে আছেন আইন অনুষদের ডিন তাসলিমা মনসুর ও জীববিজ্ঞান অনুষদের ডিন সহিদ আকতার হুসাইন। দুপুর ১২টায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ডিনস কমিটির সভা বসে। সভায় সব অনুষদের ডিন উপস্থিত ছিলেন। সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ফরিদউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো মন্তব্য না করার বিষয়েও নির্দেশনা রয়েছে।প্রসঙ্গত, ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা কমিটির অসতর্কতার কারণে গত শুক্রবার অনুষ্ঠিত ‘গ’ ইউনিটের পরীক্ষায় সঠিক উত্তরবিহীন ছয়টি প্রশ্ন ছিল। পরবর্তী সময়ে আরও ছয়টি ভুল উত্তরের মাধ্যমে সব ছাত্রের উত্তরপত্র মূল্যায়ন করা হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ফল পুনর্মূল্যায়ন করে প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।