ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাশহীদ ও বায়ান্ন স্মরণে দেয়ালিকা
বায়ান্ন, বাঙালি জাতির ইতিহাসের এক অচ্ছেদ্য সংখ্যা। এ এমন একটি সংখ্যা, যাকে ঘিরে নির্ধারিত হয়েছিল হাজারো বাঙালির মনের ভাব প্রকাশের ভাগ্য। সেই বায়ান্নকে স্মরণ করতে নয় ফুট উচ্চতা আর ৪৪ ফুট প্রস্থের একটি দেয়ালিকা করেছে ছাত্র ইউনিয়ন।ছয়টি পৃথক ক্যানভাসের সম্মিলনে নির্মিত এ দেয়ালিকাটিতে স্থান পেয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস, সাহিত্যের ছন্দে জায়গা করে নিয়েছে বর্তমান ছাত্ররাজনীতির চিত্র, ভাষাশহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের মুখের ছবি, ভাষাশহীদ ও ভাষা আন্দোলন নিয়ে কবিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এটি স্থাপন করা হয়েছে।দেয়ালিকা নির্মাণের সমন্বয়ক সুমন সাহা প্রথম আলোকে বলেন, একুশের চেতনাকে জাগ্রত করতে গ্রামবাংলার আল্পনার মাধ্যমে ভাষা আন্দোলনকে ফুটিয়ে তোলার প্রয়াস চালানো হয়েছে দেয়ালিকাটিতে। তিনি দাবি করেন, এটি বাংলাদেশের সবচেয়ে বড় দেয়ালিকা।ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেব বলেন, ভাষা আন্দোলনের অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য এ দেয়ালিকা।ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু তোয়াব অপু বলেন, বর্তমান ছাত্ররাজনীতির সন্ত্রাস, দখলদারি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এটি একটি প্রতিবাদী প্রয়াস।