ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকর্মী সন্দেহে এক ছাত্রকে মারধর
ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে গতকাল বৃহস্পতিবার এক ছাত্রকে মারধর করা হয়েছে। মারধরকারীরা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।মারধরের শিকার ছাত্রের নাম মোস্তাফিজুর রহমান। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। মারধরকারীদের দাবি, মোস্তাফিজের মুঠোফোনে শিবিরের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার ব্যাপারে খুদে বার্তা (এসএমএস) ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোস্তাফিজকে কেন্দ্রীয় গ্রন্থাগারে দেখে জিয়া হল ও জসীমউদ্দীন হলের ছাত্রলীগের কয়েকজন কর্মী সেখানে ঢোকেন। তাঁরা চেয়ার ও রড দিয়ে মোস্তাফিজকে মারধর করতে থাকেন। মারধরের একপর্যায়ে তিনি বিবস্ত্র হয়ে পড়েন। এরপর তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে গ্রন্থাগারের বাইরে নিয়ে আসা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, শিবিরকর্মী সন্দেহে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। প্রক্টরিয়াল টিম তাঁকে উদ্ধার করেছে।ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা এ বিষয়ে বলেন, তাঁদের কাছে তথ্য আছে, মোস্তাফিজ জিয়া হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক। তবে ছাত্রলীগের কর্মীরা নয়, মোস্তাফিজকে মারধর করেছেন সাধারণ শিক্ষার্থীরা।