ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত
হরতালের কারণে সেশনজট যেন না হয়, সে জন্য ২২ মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রতি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে জুন মাসের গ্রীষ্মকালীন ছুটি বাতিলের প্রস্তাবও করা হয় সভায়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সকালে ডিনস কমিটির এই সভা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।সভার পর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, হরতালের কারণে অনেক ক্লাসই অনুষ্ঠিত হয়নি। এ অবস্থায় ক্লাসের সেই শূন্যতা পূরণে প্রাথমিকভাবে ২২ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত প্রতি শুক্রবার সব বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকেরা ক্লাস নিতে পারবেন। ওই দিনগুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে সব রুটের পরিবহনব্যবস্থাও চালু থাকবে। তিনি বলেন, জুন মাসে সাধারণত বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি থাকে এবং রমজান মাসের শেষের দিকে ছুটি দেওয়া হয়। ক্লাস ও পরীক্ষা যথাসময়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে পুরো রমজান মাসই ছুটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে সভায়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।