ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘৭০০ কোটি কার্যক্রম’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ‘৭০০ কোটি কার্যক্রম’। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং জাতিসংঘ ছাত্র ও যুব সমিতি বাংলাদেশ (ইউনিস্যাব) যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। আয়োজকেরা জানান, ৩১ অক্টোবর পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটি হবে। ওই দিনটিকে কেন্দ্র করে জনসংখ্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও মানুষকে ভালো কাজে উদ্যমী হতে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি আর্থার এরকেন। তিনি বলেন, ‘আমরা সবাই যদি একটি করে ভালো কাজ করি, তাহলে ৭০০ কোটি ভালো কাজ হবে, যা পুরো পৃথিবীর পরিবর্তনের জন্য যথেষ্ট।’ তিনি তরুণদের এ কাজে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আলী রেজা প্রমুখ বক্তব্য দেন। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী এ কার্যক্রমে অংশ নেন। ৭০০ কোটি কার্যক্রমের অংশ হিসেবে আজ শুক্রবার বিকেল পাঁচটায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের আগে সংগঠনের কর্মীরা ওই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেবেন। আগামীকাল শনিবার টিএসসি থেকে সংসদ ভবন পর্যন্ত সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।