ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন গাউন ও উপহার বিতরণে বিশৃঙ্খলা
৩১ মার্চ অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধিত স্নাতক ডিগ্রিধারীদের কেউ কেউ গাউন ও উপহারসামগ্রী নিতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছেন। এজন্য সমাবর্তনে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এই পরিস্থিতির সৃষ্টি হয়। লাইন ভেঙে কিছু শিক্ষার্থী উপহারের একটি থলের বদলে একাধিক থলে নিয়ে যান। এ সময় কয়েকজন ছাত্রী লাঞ্ছনার শিকার হন। শিক্ষার্থীদের ধাক্কাধাক্কিতে আহত হন বেশ কিছু শিক্ষার্থী। অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন ছাত্রী।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও উপাচার্য ঘটনাস্থলে যান। দুপুর দুইটার দিকে তাঁরা উপহারসামগ্রী বিতরণ বন্ধের নির্দেশ দেন। উপাচার্য শিক্ষার্থীদের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে বলেন, ‘তোমাদের আমরা এ-ই শিখিয়েছি, এই শিক্ষা দিয়েছি?’সমাবর্তনের জন্য গাউন ও উপহারসামগ্রী নিতে আসা সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল থেকেই টিএসসিতে সহস্রাধিক শিক্ষার্থী জড়ো হন। শিক্ষার্থীদের লাইন টিএসসি এলাকা ছাড়িয়ে বিএনসিসি ভবনের সামনে পর্যন্ত চলে যায়। এ সময় কর্তৃপক্ষ হঠাৎ করেই টিএসসির মূল ফটক বন্ধ করে দেয়। লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা তখন দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় লাইন ভেঙে যে যাঁর মতো ওই কক্ষে ঢুকে উপহারসামগ্রী নিয়ে বেরিয়ে যান। প্রতি শিক্ষার্থীর জন্য উপহারসামগ্রীর একটি থলে নির্ধারিত থাকলেও একেকজন একাধিক থলে নিয়ে যান। ঘটনাস্থলে ছুটে আসা উপাচার্য নিজেই বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে একাধিক উপহারসামগ্রী ফেরত নেন।শিক্ষার্থীরা জানান, যেখান থেকে গাউন দেওয়া হচ্ছে, সেখান থেকেই ক্যাপ ও উপহারসামগ্রী দিলে এ ধরনের ঘটনা ঘটত না। উল্লেখ্য, উপহারসামগ্রীতে ছিল একটি করে মগ, কলমদানি, ছেলেদের জন্য টাই এবং মেয়েদের জন্য হাতব্যাগ। এ বিষয়ে উপাচার্য বলেন, কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে উপহারসামগ্রী পেতে দেরি হতে পারে। তাই বলে একটা জায়গায় রাখা জিনিস নিয়ে গেলাম, এটা হতে পারে না। এটা নিজের অসততা। উপাচার্য বলেন, অনেক ছাত্রীর কাছে ছাত্রদের টাই পাওয়া গেছে আবার অনেক ছাত্রের কাছে ছাত্রীদের হাতব্যাগ পাওয়া গেছে, এটা কোনোভাবেই কাম্য নয়। ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, কর্তৃপক্ষের কিছুটা অব্যবস্থাপনা ছিল এটা সত্য কিন্তু যে ঘটনা ঘটেছে তা নৈতিক অবক্ষয় ছাড়া কিছু নয়।এবারের সমাবর্তনে ১৬ হাজার ৮০০ জন গ্র্যাজুয়েট, ৭৫ জন এমফিল ও ৮৯ জন পিএইচডি ডিগ্রিধারীকে সনদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ভালো ফল করা ৫৯ জনকে দেওয়া হবে স্বর্ণপদক।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার টিএসসিতে সমাবর্তন গাউন ও উপহারসামগ্রী দেওয়া হবে।