ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুতের সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ নেই তবুও বৈদ্যুতিক বাতি জ্বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিনের কক্ষে। চলছে পাখা। আর এসবই সম্ভব হয়েছে সৌরবিদ্যুতের কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল অনুষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্বোধন করেন। অনুষদের ডিন অধ্যাপক শাহিদা রফিক জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে কক্ষটিতে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করা হলেও ধাপে ধাপে পুরো অনুষদেই এটি ছড়িয়ে দেওয়া হবে।সৌরবিদ্যুতের এ সূচনায় অনুষদের ছাদে বসানো হয়েছে ১৫০ ওয়াটের একটি সৌর প্লান্ট। চারটি বাল্ব আর একটি ফ্যান চলছে এ প্লান্ট থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ হয়েছে ২৫ হাজার টাকা। অনুষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সৌরবিদ্যুতের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। অনুষদের সম্মেলনকক্ষে অনুষদের ডিন অধ্যাপক শাহিদা রফিকের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশে বিদ্যুতের তীব্র সংকট। সৌরবিদ্যুৎ এ সংকট কিছুটা হলেও কাটাতে সম্ভব। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ ম ম শফিউল্লাহ, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুব্রত কুমার আদিত্য, ফলিত রসায়ন ও রাসায়নিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ এম শামছুদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সুরাইয়া পারভীন, লেদার টেকনোলজি কলেজের অধ্যক্ষ সবুর আহমেদ প্রমুখ।