ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হচ্ছে লেদার কলেজ
বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউটে রূপান্তরের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তির বিষয়গুলো নিয়ে গঠিত ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের অধীনে কলেজটি এখন ইনস্টিটিউট হবে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারির প্রক্রিয়া চলছে।জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অনুমোদন হয়ে গেছে। আদেশও জারি হয়ে যাবে দ্রুত। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গতকালই আদেশ জারির চেষ্টা করা হয়েছিল, কিন্তু সম্ভব হয়নি। দু-এক দিনের মধ্যে হয়ে যাবে।চামড়াপ্রযুক্তি বিষয়ে দেশের একমাত্র উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে শিক্ষক-সংকটসহ বিভিন্ন সমস্যা চলে আসছে। এরই পরিপ্রেক্ষিতে গত ২৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার সিদ্ধান্ত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়েছিল, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বিষয়টি চূড়ান্ত হবে।সভার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেছিলেন, চারুকলা কলেজকে যেভাবে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করা হয়েছে, সেভাবে এই কলেজটিকেও ইনস্টিটিউট করা হবে। পরে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে, সেটি ইনস্টিটিউট থাকবে, না অনুষদ করা হবে।