ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলো লেদার টেকনোলজি কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এল বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি। দীর্ঘদিন ধরে সমস্যাকবলিত প্রতিষ্ঠানটি এখন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি বিষয়গুলো নিয়ে গঠিত ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি অনুষদের অধীনে ইনস্টিটিউট হিসেবে পরিচালিত হবে। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। এর আগে ৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অনুমোদন দেন। এত দিন ধরে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ছিল।আদেশে আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করে প্রতিষ্ঠানটিতে মানসম্মত শিক্ষাকার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এ ছাড়াও কলেজটির বর্তমান জনবল, সম্পদের তালিকা ও দায়দেনা এ-সংক্রান্ত কমিটির প্রতিবেদনের আলোকে বুঝে নিতেও নির্দেশ দেওয়া হয়। এতে আরও বলা হয়, ভবিষ্যতে এ বিষয়ে কোনো জটিলতা দেখা দিলে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তা নিরসন করা হবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ-সংক্রান্ত চিঠি পেলেই তা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে উপস্থাপন করব। তবে আমাদের প্রথম কাজ হবে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করে ঠিকমতো ক্লাস শুরু করা। তা ছাড়া বাজেটের বিষয়টিও ঠিক করতে হবে।গত ২৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার সিদ্ধান্ত হয়।