মাস্টার্সে ১২৪ জন প্রথম শ্রেণী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ফল খতিয়ে দেখা হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স বা স্নাতকোত্তর শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৪ জন প্রথম শ্রেণী পেয়েছেন। কলা অনুষদের কোনো বিভাগে এমন ফল এর আগে হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, পরীক্ষায় কোনো অনিয়ম চিহ্নিত হলে তদন্ত করা হবে।বিভাগের একাধিক শিক্ষক জানান, ২০০৮ সালের আগস্ট মাসে ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স পরীক্ষা শুরু হয়। কিন্তু প্রশ্নপত্র ফাঁসসহ নানা অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে পরীক্ষা শেষ হওয়ার আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পরীক্ষা কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন রুহুল আমিন। পরে সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ ইউসুফকে প্রধান করে নতুন পরীক্ষা কমিটি গঠিত হয়। নতুন কমিটি পরীক্ষার বাকি কাজ শেষ করে। গত রোববার এ পরীক্ষার ফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০০৭ (সেশন ২০০২-০৩) সালের মাস্টার্স পরীক্ষায় (অনুষ্ঠিত ২০০৯) ‘এ’ গ্রুপ (আরবি প্রাধান্য) থেকে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন এবং ‘বি’ গ্রুপ থেকে ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯২ জন প্রথম শ্রেণী অর্জন করেন। তাঁদের মধ্যে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণী পেয়েছিলেন ৫১ জন। কলা অনুষদের কোনো বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে এর আগে কখনো এত জন শিক্ষার্থী প্রথম শ্রেণী পাননি। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বলেন, ‘গত বছর এ বিভাগ থেকে এমএ পরীক্ষায় ৬০ জন প্রথম শ্রেণী পেয়েছিল। এবার শিক্ষার্থীরা হয়তো আরও ভালো পরীক্ষা দিয়েছে। আর সে কারণেই হয়তো এমন ফল হয়েছে।’বিভাগীয় পরীক্ষা কমিটির প্রধান শেখ ইউসুফ বলেন, ‘বিভাগের ফলাফলের বর্তমান হার স্বাভাবিক। এর আগে বিভিন্ন পরীক্ষায় ২৪ জনে ১৮ জন, ৩৬ জনে ৩২ এবং ৪০ জনে ৩৬ জনের প্রথম শ্রেণী পাওয়ার দৃষ্টান্ত রয়েছে। প্রশ্ন বাছাইসহ সব কাজেই পরীক্ষা কমিটির প্রত্যেক শিক্ষকের সম্মতি ছিল।’ ভালো ফলের কারণ হিসেবে গ্রেডিং পদ্ধতির প্রভাব থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পরীক্ষা নিয়ন্ত্রককে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রাথমিকভাবে কোনো অনিয়ম চিহ্নিত হলে তদন্ত কমিটি গঠন করা হবে।