ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চমান সহকারীর বাসায় চুরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের উচ্চমান সহকারী মো. দেলোয়ার মজুমদারের আজিমপুরের বাসা থেকে টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ব্যাপারে দেলোয়ার গতকাল শনিবার লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডির তথ্য অনুসারে, দেলোয়ার হোসেন গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় বাসা (৫৫/১ আজিমপুর, থানা-লালবাগ, ঢাকা) তালা দিয়ে সপরিবারে বরিশালে তাঁর এক ফুপুর বাড়িতে বেড়াতে যান। গতকাল সকালে এসে দেখেন, বাসার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন, ওয়ারড্রব থেকে প্রায় এক লাখ টাকাসহ ছয় ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। স্বর্ণালংকারের মধ্যে ছিল গলার হার একটি, হাতের চুড়ি দুটি, চেইন দুটি ও আংটি সাতটি। দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ফটোসাংবাদিক আনোয়ার মজুমদারের বড় ভাই।লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) গালিবুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।