ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেদোয়ানের লাশ তোলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র রেদোয়ান আহমেদের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল বুধবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক পিরোজপুর জেলা প্রশাসককে এ আদেশ দেন।আদেশে বলা হয়, গত শনিবার রাজধানীর মতিঝিলের অ্যালিকো ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন রেদোয়ান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। মৃত্যুর খবরে পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাঁর আত্মীয়স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত না করেই পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় গ্রামে রেদোয়ানের লাশ দাফন করা হয়। রেদোয়ানের মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠায় মামলার তদন্ত কর্মকর্তা সমীর চন্দ্র সূত্রধর গত মঙ্গলবার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের আবেদন জানান। আদালত শুনানি শেষে গতকাল এই আদেশ দেন।উল্লেখ্য, রেদোয়ানের মৃত্যু ও ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে রোববার রাতে একটি মামলা করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ মহসীন আলম। মামলায় ১০ জন ছাত্রের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক ছাত্রের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়।ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় একটি এবং হত্যার অভিযোগে মতিঝিল থানায় একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলা দুটির বাদী বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. কামরুল আহসান। হত্যা মামলায় হিমেল পরিবহনের অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।সাত দফাবিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, রেদোয়ান হত্যার দ্রুত বিচার এবং ক্ষুব্ধ ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে গতকাল উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে আরবি বিভাগের ছাত্ররা। অন্যদিকে, রেদোয়ানের পরিবারকে দুই লাখ টাকা অনুদান দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরবি বিভাগের শিক্ষার্থীরা জানান, রেদোয়ান হত্যার দ্রুত বিচার ও ভাঙচুরের দায়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সকালে তাঁরা বিক্ষোভ করেন। পরে বিভাগের শিক্ষকদের কাছে নিজেদের দাবি উত্থাপন করতে গেলে বাধার সম্মুখীন হন। পরে ক্ষুব্ধ ছাত্ররা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষকদের অবরোধ করে রাখেন। পরে শিক্ষকেরা দাবি মেনে নিলে তাঁরা অবরোধ তুলে নেন। গতকাল উপাচার্যের বাসভবনে রেদোয়ানের বাবা মো. আলাউদ্দিনের কাছে দুই লাখ টাকার একটি চেক তুলে দেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় কলা অনুষদের ডিন সদরুল আমিন, আরবি বিভাগের চেয়ারম্যান আবু সাঈদ মো. আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।