ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র সাময়িক বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল রোববার এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত ছাত্ররা হলেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রথম বর্ষের মো. ফরহাদ উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এস এম ইমরুল কায়েস ও প্রাচ্যকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র দ্বীন মোহাম্মদ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কাজ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করে বিধায় প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী এই ছাত্রদের বহিষ্কার করা হলো।
ফরহাদ ও ইমরুল কায়েস দুজনেই অমর একুশে হলের প্রথম বর্ষের শিক্ষার্থী হলেও ভর্তির শিক্ষাবর্ষ অনুযায়ী তাঁদের যথাক্রমে চতুর্থ বর্ষ ও মাস্টার্সে থাকার কথা ছিল। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খুব সম্ভবত ইমরুলের ছাত্রত্ব নেই। তারপরও সে কেন এখনো প্রথম বর্ষে তা খতিয়ে দেখতে আমরা তাঁর কাগজপত্র নিয়ে বসেছি।