ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের একটি কক্ষে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রকে আটকে নির্যাতনের অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পুলিশ ইতিমধ্যেই তাঁদের মধ্য থেকে একজনকে গ্রেপ্তার করেছে। বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ সেমিস্টারের শাহরিয়ার হোসেন ও আইন বিভাগের চতুর্থ বর্ষের নুরুল কামার।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকায় এ দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সেটি জানতে চেয়ে কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়েছে।এদিকে ঘটনার মূল হোতা নুরুল কামারকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পরদিন তাঁর যুক্তরাজ্যে যাওয়ার কথা থাকলেও সে তারিখ পিছিয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নুরুল কামারকে গ্রেপ্তারের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী তোফায়েল আহমেদ গত শুক্রবার সকালে কার্জন হল প্রাঙ্গণে ল্যাপটপ ব্যবহার করছিলেন। এ সময় আরেক সাবেক শিক্ষার্থী সাজ্জাদ পাশে বান্ধবীকে নিয়ে সেখানে বসে ছিলেন। সাজ্জাদের সন্দেহ হয়, ল্যাপটপের ভিডিও ক্যামেরা দিয়ে তাঁদের দুজনের ছবি তুলছেন তোফায়েল। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তোফায়েলকে মুহসীন হলের ৩৬৩ নম্বর কক্ষে নিয়ে আটকে রাখেন সাজ্জাদ, শাহরিয়ার ও নুরুল। তাঁরা তোফায়েলকে আটকে রড, হকিস্টিক দিয়ে পেটান। পরে তোফায়েলের জামা-কাপড় খুলে লুঙ্গি ও গেঞ্জি পরিয়ে ছেড়ে দেন। মুক্তি পেয়ে তোফায়েল বিষয়টি প্রক্টরকে জানান এবং জড়িত তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন সাজ্জাদ ও শাহরিয়ারকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।