ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া ছাত্রীর সনদ বাতিল, মামলা
ছাত্রত্ব বাতিল হওয়ার পরও অবৈধ উপায়ে শিক্ষাজীবন চালিয়ে যাওয়া এক ছাত্রীর স্নাতক সনদ বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ঘটনায় গতকাল শাহবাগ থানায় একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ গতকালই ওই ছাত্রীকে আটক করেছে। ঘটনা তদন্তে সহ-উপাচার্যকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। লোকপ্রশাসন বিভাগের এই ছাত্রীর নাম দিলরুবা খানম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল প্রথম আলোকে জানান, বুধবার রাতে সিন্ডিকেট জরুরি বৈঠক করেছে। ওই ছাত্রীর সনদ বাতিল হয়েছে। এ ঘটনায় মামলাও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ছাত্রীকে শাহবাগ থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, অস্বচ্ছ প্রক্রিয়ায় ২০০৪-০৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হন দিলরুবা। পরে বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানে বিষয়টি ধরা পড়ে। ২০০৯ সালের মার্চ মাসে ওই ছাত্রীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ২০ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। তখন এ সিদ্ধান্তের বিরুদ্ধে ওই ছাত্রীসহ অন্যরা হাইকোর্টে রিট করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, রিটের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়কে শোকজ করেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় সে শোকজের উত্তর দেওয়ার পর ২০ জনেরই ছাত্রত্ব বাতিল হয়ে যায়।বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ওই ছাত্রীর ফরমে বিভাগের চেয়ারম্যান, হল প্রাধ্যক্ষসহ সবার স্বাক্ষর ছিল। কীভাবে সেটি হলো, সে ঘটনা তদন্তে সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদকে প্রধান করে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২১ দিনের মধ্যে ঘটনার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।